দীর্ঘ অনুপস্থিতি, সিজার বন্ধ, এক্স-রে ও ল্যাব সেবা ব্যাহত—ভোগান্তিতে রোগীরা
অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলা: কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, স্বাস্থ্যসেবা ব্যাহত
- আপডেট সময় : ০৯:১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে আলোচনায় এসেছে।
স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় সময়ে চিকিৎসক না পাওয়ায় সাধারণ রোগীরা সময়োপযোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সাধারণ জনগণের পক্ষে দাখিল করা এক লিখিত অভিযোগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুন নাহার ইতি–এর বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্বে অবহেলার অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগে বলা হয়, আবাসিক চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি হাসপাতালে অবস্থান না করে বাইরে বসবাস করছেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থী।অভিযোগ অনুযায়ী, যথাযথ সরকারি অনুমোদন ছাড়াই তিনি একাধিকবার বিদেশ গমন করেছেন।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর বিদেশে গিয়ে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত একইভাবে বিদেশে অবস্থান করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের দাবি, তার দীর্ঘ অনুপস্থিতির কারণে জরুরি চিকিৎসা, প্রসূতি সেবা এবং গুরুতর রোগীদের চিকিৎসায় মারাত্মক সংকট তৈরি হয়েছে। পাশাপাশি হাসপাতালে দীর্ঘদিন ধরে অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ল্যাব পরীক্ষার সীমাবদ্ধতা, এক্স-রে সেবা বন্ধ থাকা এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে রেফার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এলাকায় গড়ে ওঠা অবৈধ ক্লিনিকগুলোতে লাইসেন্সবিহীন চিকিৎসা দেওয়ার ফলে ভুল চিকিৎসা ও মৃত্যুর ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের কর্মকর্তা ডা. সাদিয়া তাসনীম মুনমুন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অনুমতি ছাড়া বিদেশ গমন গুরুতর শৃঙ্খলাভঙ্গ। বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি।
স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নমূলক উদ্যোগের পরও কালিয়াকৈরের মতো এলাকায় সেবার মান নিয়ে এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।






















