দলমত নির্বিশেষে উন্নয়নে সবার সহযোগিতা কামনা নবাগত ইউএনও’র
আশাশুনির নবাগত ইউএনও’র সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা
- আপডেট সময় : ০৯:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

আশাশুনি |
সাতক্ষীরার আশাশুনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও বলেন, আশাশুনি উপজেলার উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “আমি আপনাদের সেবা দিতে এসেছি। যতদিন এখানে দায়িত্ব পালন করবো, ততদিন জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করবো।”
এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, ব্যবসায়ী সংগঠন আইবিডব্লিউএফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু, সম্পাদক এম এম রুহুল আমিন, শ্রমিক নেতা হযরত আলী, ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।






















