রাজশাহীর ৩২ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহীর ৬ আসনে ২০ প্রার্থীর জামানত হারানো, বিএনপি-জামায়াতের বাইরে কেউ রক্ষা পেলেন না
- আপডেট সময় : ০৬:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে তার জমা দেওয়া ৫০ হাজার টাকা জামানত বাজেয়াপ্ত হয়।
রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজশাহীর ছয়টি আসনে বিএনপি চারটি এবং জামায়াতে ইসলামী দুটি আসনে বিজয়ী হয়েছে। ফলে এ দুটি দলের প্রার্থীরাই কেবল জামানতের অর্থ ফেরত পাচ্ছেন।
রাজশাহী-১ আসনে গণঅধিকার পরিষদের মির মো. শাহজাহান পেয়েছেন ৪০৭ ভোট, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর আব্দুর রহমান পেয়েছেন ১,১০০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ পেয়েছেন ৬৬৩ ভোট। তারা সবাই জামানত হারিয়েছেন।
রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান পেয়েছেন ৭৮৬ ভোট, নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম ৫৫২ ভোট, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ৩৮৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ ৮০১ ভোট পেয়ে জামানত হারান।
রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম পেয়েছেন ১,১১৭ ভোট, জাতীয় পার্টির আফজাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান প্রত্যেকে ২,৩৯০ ভোট এবং আমজনতার দলের সাঈদ পারভেজ পেয়েছেন ২৯৫ ভোট। তারাও প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে পারেননি।
রাজশাহী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান পেয়েছেন ৬৭০ ভোট এবং জাতীয় পার্টির ফজলুল হক পেয়েছেন ১,৭৫৯ ভোট।
রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন পেয়েছেন ৬২০ ভোট। স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার পেয়েছেন ৪৪২ ভোট, ইসফা খায়রুল হক শিমুল পেয়েছেন ২,৪৯৬ ভোট এবং রেজাউল করিম পেয়েছেন ৬,৪৩২ ভোট—তারা সবাই জামানত হারিয়েছেন।
রাজশাহী-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ পেয়েছেন ১,৬২৮ ভোট এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন পেয়েছেন ২,৯৩০ ভোট।
রাজশাহীতে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি ও জামায়াতের ১২ জন ছাড়া বাকি ২০ জন প্রার্থী জামানত হারিয়েছেন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, প্রধান দুই দলের বাইরে অন্য প্রার্থীদের ভোটব্যাংক অত্যন্ত সীমিত থাকায় এমন ফলাফল দেখা গেছে।






















