পদ্মা নদীর ভাঙনে আবাদি জমি হ্রাস, কৃষি বৈচিত্র্য রক্ষায় চরবাসীর জোর দাবি
জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা
- আপডেট সময় : ০৮:২৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ,হরিরামপুর | ১৫ মে ২০২৬ : মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রামচরে জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মাবেষ্টিত এ চরাঞ্চলে প্রতিবছর বন্যা ও নদীভাঙনের ফলে ফসলি জমি, গাছপালা, পরিবেশ ও প্রাণপ্রকৃতির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে কৃষি বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং জীবিকা সংকটে পড়ছেন স্থানীয় কৃষক পরিবারগুলো।
বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান বারসিক (BARCIK) এবং গ্রিন কোয়ালিশন (Green Coalition)-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় কৃষক সংগঠন, নারী সংগঠন ও চরাঞ্চলের সাধারণ কৃষকরা। মানববন্ধনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন এবং কৃষি বৈচিত্র্য রক্ষায় করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন লেছড়াগঞ্জ সংগঠনের সদস্য আইয়ুব আলী। বক্তব্য রাখেন উত্তর পাটগ্রামচর নারী উন্নয়ন সংগঠনের সদস্য আরজিনা, সাধারণ সম্পাদক আলেয়া বেগম, শতবাড়ি কৃষক রাবেয়া বেগম এবং বারসিক কর্মকর্তা মুকতার হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে প্রতি বছর আবাদি জমি কমে যাচ্ছে। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে চরের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় ফসল। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট এ ক্ষয়ক্ষতির ন্যায্য মূল্যায়ন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। একই সঙ্গে টেকসই নদীভাঙন প্রতিরোধ ব্যবস্থা ও চরাঞ্চলে কৃষি সহায়তা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
স্থানীয়দের মতে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন চরাঞ্চলের মানুষ। তাই জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হলে চরবাসীর বাস্তব সমস্যাকে অগ্রাধিকার দিয়ে নীতিগত ও আর্থিক সহায়তা প্রয়োজন।





















