পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপজেলা প্রশাসনের সবুজ উদ্যোগ
শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, প্রতিটি ইউনিয়নে রোপণ হবে ১০ হাজার চারা
- আপডেট সময় : ০৬:৪০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে ১ লাখ গাছের চারা রোপণ ও বিতরণের লক্ষ্যে বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে দ্রুততম সময়ে ১ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে এবং প্রতিটি ওয়ার্ডকে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক চারা বিতরণ কার্যক্রমও পরিচালিত হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জমিতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসন জানায়, আগামী এক বছরের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে ১ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীল সবুজ শ্রীমঙ্গল গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।




















