রাণীশংকৈল পৌর শহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বৃক্ষরোপণ ও কুলিক নদীতে মাছের পোনা অবমুক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) | ১ সেপ্টেম্বর ২০২৬: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ এবং নদীতে মাছের পোনা অবমুক্তকরণ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে উপজেলা বিএনপির কার্যালয়সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা তুলে ধরতে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
পরে সকাল সাড়ে ৯টায় রাণীশংকৈল বন্দর এলাকায় কুলিক নদীর সেতুসংলগ্ন স্থানে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই এলাকায়ও গাছের চারা রোপণ করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নানা কর্মসূচির মধ্য দিয়ে রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।













