উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা; নজরুলসংগীত ও কবিতা পরিবেশন শিক্ষার্থীদের
বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপডেট সময় : ১২:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর স্মরণে সরকার ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।
দেশব্যাপী বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক উৎসব, নজরুলসংগীত, কবিতা, নাট্যোৎসবসহ নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উখিয়া উপজেলা প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার, একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুজিনা আকতার রুজি, উখিয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাঈম ভূঁইয়া এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকজ গবেষক ও কবি মাস্টার শাহআলম এবং উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ নুরীসহ সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
পরে বিশিষ্ট লোকজ গবেষক ও কবি মাস্টার শাহআলম এবং নুরে মাহ্ সুবাহ লেমশি কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত গান পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও উখিয়া উপজেলা পোস্টমাস্টার এস. এম. জসিম।























