রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রংপুরে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য উৎপাদন, আল মদিনা লাইভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রংপুর, ২ সেপ্টেম্বর ২০২৬: রংপুর মহানগরীতে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর ও জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় খামার মোড় এলাকার আল মদিনা লাইভ বেকারীতে অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ না করেই বেকারি পণ্য উৎপাদন ও বিক্রি করছে বলে প্রমাণ পাওয়া যায়। পরে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(১)/৪১ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আইন অনুযায়ী, বাণিজ্যিক ওজন বা পরিমাপ এবং সংশ্লিষ্ট যন্ত্রের বৈধ ভেরিফিকেশন ও স্ট্যাম্প সংক্রান্ত বিধান মানা বাধ্যতামূলক। ধারা ৪১-এ ধারা ২৪ লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ডসহ শাস্তির বিধান রয়েছে।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারিমুল মাওলা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী তাদমিরা শারমিন এবং ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে বাজারে পণ্যের মান, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিএসটিআই দেশের পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপসংক্রান্ত বিধিবিধান বাস্তবায়নে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে।






















