নাচ, গান, ছড়া, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ; বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
নজরুল বর্ষ উদযাপনে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৭:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও | ২৫ আগস্ট ২০২৬ :
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল বর্ষ উদযাপনে ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে তারুণ্য একাডেমি ঠাকুরগাঁওয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিশু-কিশোররা নাচ, গান, ছড়া, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের মানবতাবাদী ও সাম্যের দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব।
পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় আরও গভীর করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।














