দখল, সন্ত্রাস ও দলের নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত শাহিন বহিষ্কার
- আপডেট সময় : ১০:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

হরিরামপুর, মানিকগঞ্জ | ২৫ আগস্ট ২০২৬ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ড এবং দখল ও সন্ত্রাসের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু সা’দাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা বলা হয়েছে।
এদিকে, এর আগে সোমবার (২৪ আগস্ট) হরিরামপুরে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একই সঙ্গে পদ্মা নদীর বালুমহল ও বাল্কহেড থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে হরিরামপুর থানা ঘেরাও কর্মসূচিও পালিত হয়।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরদিনই উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হলো।
তবে বহিষ্কারের বিষয়ে আবু সা’দাত মো. শাহিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




















