গোপালগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও অধ্যবসায়ের আহ্বান
গোপালগঞ্জে প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান
- আপডেট সময় : ১০:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম.সি. সভাপতি জনাব ডা. রাবেয়া আক্তার।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোছাঃ জ্যোৎস্না খাতুন।
অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে অতিথিরা তাদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, বিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের বিষয়। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, নৈতিক মূল্যবোধের চর্চা, সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন ও দায়িত্বশীল জীবনযাপন একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।























