চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লায় প্রশাসনিক পুনর্বিন্যাস; প্রয়োজনীয় সরকারি অফিস স্থাপনেরও অনুমোদন
সরকারের প্রজ্ঞাপন: চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লায় ৩ নতুন উপজেলা গঠন
- আপডেট সময় : ০১:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

দেশের প্রশাসনিক সেবাকে আরও বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় তিনটি নতুন উপজেলা গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে বুধবার (৮ জুলাই) জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন উপজেলা গঠনের এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার আওতায় থাকবে বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন।
একই সঙ্গে নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ প্রয়োজনীয় সরকারি দপ্তরের অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব। এখানেও প্রয়োজনীয় সরকারি অফিস স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি অফিস স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন উপজেলা গঠনের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, স্থানীয় জনগণ দ্রুত ও সহজে সরকারি সেবা পাবেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।























