রাউজানের পশ্চিম গশ্চিতে দিনব্যাপী গীতাপাঠ, নামকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন
দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী মা গঙ্গা পূজা, ২৪ জুন দিনব্যাপী ধর্মীয় আয়োজন
- আপডেট সময় : ০৫:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আগামীকাল বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী মা গঙ্গা পূজা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয়, আধ্যাত্মিক ও ভক্তিমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম গশ্চি এলাকায় অবস্থিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে আয়োজিত এই পূজাকে ঘিরে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এলাকার ধর্মপ্রাণ ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে সমবেত ভক্তবৃন্দের অংশগ্রহণে নামকীর্তন অনুষ্ঠিত হবে। দুপুর ১টা ৪৫ মিনিটে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণ ও আস্বাদনের ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল ৩টায় গীতাপাঠের পূর্ণাহুতির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এবারের অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করবে ‘টিম শ্যামা’। গীতাপাঠক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী সাগর মহাজন, যিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতনের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ জানান, দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো আয়োজিত এই শ্রীশ্রী মা গঙ্গা পূজা স্থানীয় ধর্মীয় অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ আয়োজন আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে এবং ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের পক্ষ থেকে সনাতনী সমাজের সর্বস্তরের নারী-পুরুষ, যুবক-যুবতী এবং ভক্তবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজা, নামকীর্তন ও মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়েছে।
নিবেদক: দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা কমিটি, পশ্চিম গশ্চি, রাউজান, চট্টগ্রাম।


















