মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান
বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র্যালি, অংশ নিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
- আপডেট সময় : ১২:০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন জোরদারের লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় পুকুরিয়া চৌমুহনী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
পুকুরিয়া ইউনিয়ন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুলাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক, জুলাই যোদ্ধা ফোরকানুল হক, প্রবাসী যুবদল নেতা দেলোয়ার হোসেন ফয়সাল, যুবদল নেতা মো. বেলাল উদ্দিন জালাল, হেফাজত নেতা মাওলানা আবিদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দল নেতা এয়ার মোহাম্মদ বিন আনোয়ার, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মারুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর পাশাপাশি সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম বাড়াতে হবে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
পরে আয়োজকরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।














