গোপন সংবাদের ভিত্তিতে একযোগে দুই উপজেলায় অভিযান, জব্দ বিপুল ইয়াবা ও নগদ অর্থ
রাণীশংকৈল ও পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ কারবারী গ্রেপ্তার, ১,৪১৫ পিস ইয়াবা উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও, রাণীশংকৈল | ৯ জুন ২০২৬ : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং নগদ ৬৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল আমানের তত্ত্বাবধানে এসআই রহমতুল্লাহ রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের একাধিক দল রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা এবং পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের ইমাম হোসেন (৫৬), রঘুনাথপুর গ্রামের আরমান হোসেন (৩২), বথ পলিগাঁও গ্রামের পারভেজ হাসান রাজু (২৩) ও তুহিনুর রহমান সোহেল (৩২) এবং রাণীশংকৈল উপজেলার উত্তর ভান্ডারা গ্রামের মাসুদ রানা (৩৯)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-৯, তারিখ ৯ জুন ২০২৬)। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।























