বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী উদ্যোগ, পাখি সংরক্ষণে গাছে গাছে কৃত্রিম বাসা স্থাপন
কটিয়াদীতে রক্তদান সমিতির ব্যতিক্রমী উদ্যোগ: গাছে গাছে পাখির বাসা, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৬:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

‘প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদান সমিতি’ মাসব্যাপী দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচির সূচনা করেছে।
শনিবার (৬ জুন) বিকেলে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে একটি স্মারক বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম।
আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির একটি ব্যতিক্রমী দিক হলো বিভিন্ন গাছে মাটির কলস স্থাপন করে পাখির জন্য কৃত্রিম বাসা তৈরি করা। আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাখির নিরাপদ আবাস নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বদরুল আলম নাঈম বলেন, “বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। এ সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সংগঠনের কার্যকরী সমন্বয়ক ও চলচ্চিত্রকর্মী জিসান আজাদ বলেন, “বর্তমান পরিবেশ সংকটের বড় অংশই মানবসৃষ্ট। নির্বিচারে বন উজাড় ও পরিবেশ ধ্বংসের ফলে জলবায়ুর নেতিবাচক প্রভাব ক্রমেই বাড়ছে। পরিবেশ রক্ষায় এখনই সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি।”
বক্তারা বলেন, বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে পাখি ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য কাওসার আহমেদ, ইমরান হোসেন, ইয়াসিন আহমেদ, আরিফুল ইসলাম, হাসিব আল মাহমুদ রাস্কি, সাব্বির হোসেন রিয়াদ, আরিফুল ইসলাম আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


















