সাইবার নিরাপত্তা ও ব্যবহারকারীর অভিযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় অফিসের দাবি জোরালো
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ফেসবুকের স্থানীয় অফিস চান সাইবার কর্মী সাজিদ
- আপডেট সময় : ০৯:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এর অফিস স্থাপনের দাবি আবারও সামনে এনেছেন অনলাইন কমিউনিকেশন সোসাইটির চেয়ারম্যান এ বি এম সিরাজুল হক সাজিদ। দীর্ঘ ৮ বছর ধরে তিনি এই দাবি বাস্তবায়নের জন্য সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। কিন্তু এত বড় ব্যবহারকারী গোষ্ঠীর জন্য কোনো সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা না থাকায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ ব্যবহারকারীদের।
তার মতে, ফেসবুকের বাংলাদেশে শাখা অফিস স্থাপিত হলে ব্যবহারকারীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিংয়ের মতো সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। পাশাপাশি সরকার ও ফেসবুক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়বে এবং ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করা সহজ হবে।
তিনি আরও বলেন, ভুয়া খবর ও গুজব নিয়ন্ত্রণে স্থানীয় অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।
এ বি এম সিরাজুল হক সাজিদের নেতৃত্বে অনলাইন কমিউনিকেশন সোসাইটি দেশব্যাপী তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করছে। সংগঠনটি সাইবার বুলিং, অনলাইন প্রতারণা ও গুজব প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
দীর্ঘ আন্দোলনের পথ সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক নীতিমালা ও প্রযুক্তি কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জটিলতা থাকা সত্ত্বেও তিনি এই দাবি থেকে পিছপা হননি। তার বিশ্বাস, একদিন বাংলাদেশে ফেসবুকের অফিস স্থাপিত হবে এবং একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে উঠবে।























