বাঁধের একাধিক স্থানে ভয়াবহ ভাঙন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
প্লাবনের শঙ্কায় চর আন্ডা, ভাঙনের মুখে পশ্চিম পাশের বেড়িবাঁধ
- আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি:
রাঙ্গাবালী উপজেলা-এর চরমোন্তাজ ইউনিয়ন-এর চর আন্ডা ৯ নম্বর ওয়ার্ডে পশ্চিম পাশের বেড়িবাঁধ ভাঙনের মুখে পড়েছে। এতে পুরো এলাকাজুড়ে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বঙ্গোপসাগর সংলগ্ন এই জনপদের একমাত্র রক্ষাকবচ বেড়িবাঁধটির একাধিক স্থানে মারাত্মক ভাঙন সৃষ্টি হয়েছে। বাঁধের বড় অংশ ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী জানান, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আগামী কয়েক দিনের মধ্যেই জোয়ারের পানিতে পুরো গ্রাম প্লাবিত হতে পারে। এতে বসতবাড়ি, ফসলি জমি ও গবাদি পশুর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. মাইনুল ইসলাম বলেন, প্রতিবছরই ভাঙন আতঙ্কে থাকতে হয়। তবে এবারের পরিস্থিতি আরও ভয়াবহ। যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি। ফলে বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে।
এ অবস্থায় এলাকাবাসী জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।























