ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ঝালকাঠির শ্মশানঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০টির বেশি বসতঘর
- আপডেট সময় : ১১:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টির বেশি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় আতঙ্ক।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঝালকাঠি স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকল বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সক্রিয়ভাবে অংশ নেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের ঘরের আসবাবপত্র, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তারা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।























