barguna-taltoli-idupara-jame-mosjid-renovation-help-needed
বরগুনার তালতলীতে জরাজীর্ণ ইদুপাড়া জামে মসজিদ, সংস্কারে ৬ লাখ টাকার প্রয়োজন—মানবিক সহায়তার আহ্বান
- আপডেট সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু |
তালতলী উপজেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া টেংরা গিরি ইকো পার্কের সামনে অবস্থিত ইদুপাড়া মোতালেব মাস্টার বাড়ি জামে মসজিদটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে মসজিদটির উপরের টিনের ছাউনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে প্রখর রোদ ও বৃষ্টির সময় মুসল্লিদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে নামাজ পড়তে হয়। সামনে বর্ষাকাল ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে শত শত মুসল্লির নিয়মিত নামাজ আদায় ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় ছাত্রদল কর্মী জহুরুল ইসলাম অমি মসজিদের বেহাল অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে দেশ ও প্রবাসে ব্যাপক সাড়া পড়ে। ইতোমধ্যে কয়েকজন সহানুভূতিশীল ব্যক্তি আর্থিক সহায়তা পাঠিয়েছেন। তবে মসজিদের ছাউনি নির্মাণ ও প্রাথমিক সংস্কার কাজ শুরু করতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন বলে জানা গেছে।
জহুরুল ইসলাম অমি বলেন, “ইদুপাড়া জামে মসজিদ শুধু স্থানীয় মুসল্লিদের জন্য নয়, টেংরা গিরি ইকো পার্কে আসা পর্যটকরাও এখানে নামাজ আদায় করেন। কিন্তু ছাউনি না থাকায় নামাজ আদায়ে চরম কষ্ট হচ্ছে। রমজান মাসে কষ্ট আরও বেড়ে যায়। দেশ-বিদেশের মুসলমান ভাইবোনদের কাছে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”
মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম বলেন, “প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হলেও ছাউনি না থাকায় মুসল্লিরা কষ্ট পাচ্ছেন। বর্ষার আগে সংস্কার না হলে সমস্যা আরও বাড়বে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় যুবক সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘদিনেও সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি। তিনি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ধর্মপ্রাণ মুসল্লিদের বিশ্বাস, সম্মিলিত উদ্যোগ ও দানের মাধ্যমে খুব দ্রুতই আল্লাহর ঘরটি পুনর্গঠিত হবে। রমজানের এই পবিত্র মাসে একটি দান হতে পারে অসংখ্য নামাজের সওয়াবের অংশীদার হওয়ার সুযোগ।
মসজিদ সংস্কারে সহযোগিতার জন্য বিকাশ নম্বর: +8801770466244






















