রোজার প্রথম দিনে চট্টগ্রামের কাঁচা বাজারে সবজির দাম বেড়ে ক্রেতাদের চাপ বৃদ্ধি
চট্টগ্রামের বাজারে রোজার শুরুতেই সবজি-মুরগির দাম তুঙ্গে
- আপডেট সময় : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

রোজার প্রথম দিনে চট্টগ্রামের কাঁচা বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের মধ্যেও সবজির দাম বাড়ায় ক্রেতাদের চাপে ফেলেছে। রেয়াজুদ্দিন বাজারের বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে টমেটো, খিরা, বেগুন, ধনে পাতা ও ফুলকপির দাম গত দুই দিনের তুলনায় ৫ থেকে ১৫ টাকা বেশি। ভালো মানের টমেটোর দাম ৬৫ থেকে ৭০ টাকা কেজি, খিরা ও ছোট শসার দাম ১০০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা। লেবু প্রতি জোড়া ৪০ টাকা এবং পুদিনা পাতা প্রতি কেজি ১১০ টাকায় বিক্রি হয়েছে।
ব্রয়লার মুরগির দামও বেড়েছে; প্রতি কেজি ১৯৫ থেকে ২০০ টাকা। দেশি মুরগি ৬২০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম আগের মতো প্রতি ডজন ১০৫–১১০ টাকা।
ক্রেতারা অভিযোগ করছেন, রোজার সুবিধা দেখিয়ে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। তবে বাজার ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন খরচ ও সরবরাহের অভাব দাম বৃদ্ধির মূল কারণ।
চট্টগ্রামের বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, রোজার প্রথম দিনে এমন উর্ধ্বমুখী দাম ওঠা স্বাভাবিক, তবে ক্রেতাদের সুরক্ষা ও বাজার নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে।























