চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের নায়ক মাস্টারদা সূর্যসেনের আত্মত্যাগে আজও অনুপ্রাণিত জাতি
মাস্টারদা সূর্যসেনের প্রয়াণ দিবস আজ: চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের মহানায়কের প্রতি জাতির শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

আজ ১২ জানুয়ারি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের মহানায়ক, বাঙালি বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথপ্রদর্শক মাস্টারদা সূর্যসেনের প্রয়াণ দিবস। এদিন জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে সেই সাহসী বিপ্লবীকে, যিনি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়ে স্বাধীনতার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
শিক্ষকতা পেশার কারণে তিনি ‘মাস্টারদা’ নামে পরিচিত হন। সংগঠক হিসেবে তার অসাধারণ নেতৃত্বগুণ, দৃঢ় মনোবল ও দেশপ্রেম চট্টগ্রামকে ব্রিটিশবিরোধী আন্দোলনের এক শক্ত ঘাঁটিতে পরিণত করে।
১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে জন্ম নেওয়া সূর্যসেন ছাত্রজীবন থেকেই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। শিক্ষকতা করার সময় তিনি তরুণদের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলেন এবং একটি শক্তিশালী বিপ্লবী সংগঠন গড়ে তোলেন।
১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি সশস্ত্র সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নেতৃত্বে প্রীতিলতা ওয়াদ্দেদার, তারকেশ্বর দস্তিদার, কল্পনা দত্তসহ অনেক তরুণ বিপ্লবী ব্রিটিশবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন।
১৯৩০ সালের ১৮ এপ্রিল সংঘটিত ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কেঁপে ওঠে। পরবর্তীতে জালালাবাদ পাহাড়ে ভয়াবহ সংঘর্ষে বহু বিপ্লবী শহীদ হন।
শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকের মাধ্যমে মাস্টারদা গ্রেফতার হন এবং ১৯৩৪ সালের ১২ জানুয়ারি নির্মম নির্যাতনের পর তাকে ফাঁসি দেওয়া হয়। তার আত্মত্যাগ স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করে তোলে।
আজ তার প্রয়াণ দিবসে জাতি এই মৃত্যুঞ্জয়ী বিপ্লবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে।























