ভূরুঙ্গামারী থানা পুলিশ পৃথক মামলায় তিনজনকে আটক করে আদালতে প্রেরণ, তদন্ত চলমান
ভূরুঙ্গামারীতে ফ্যাসিস্ট রউফ মোল্লা ও মটর চোর সবুজসহ তিনজন আটক, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ১১:৩৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুল ইসলাম| কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক মামলায় তিনজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ আব্দুর রউফ মোল্লা (৫৪), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি বাগভান্ডার গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া পানির পাম্প চুরির অভিযোগে আটক করা হয়েছে মোঃ সবুজ মিয়া (২৭), দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। ২৭ ডিসেম্বর ভোরে চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।
অপরদিকে ভারতীয় নাগরিক ফাতেমা খাতুন (৩৬) আটক করা হয়েছে। তিনি ভারতের আসাম রাজ্যের কোকরাঝাড় জেলার গৌরীপুর থানাধীন খুতাবাগরা গ্রামের বাসিন্দা। ২৬ ডিসেম্বর শিলখুড়ি ইউনিয়নে জনতার মাঝে পরিচয় দিতে না পারায় পুলিশ হেফাজতে নেয়া হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, তিনজনকেই আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভ্রুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, পৃথক মামলায় আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।























