শিবচরের কুতুবপুরে উঠান বৈঠকে রাজনৈতিক আন্দোলন ও ঐক্যের ডাক
আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না: শিবচরে নির্বাচনী উঠান বৈঠকে এমপি প্রার্থী কামাল জামান মোল্লা
- আপডেট সময় : ০১:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা বলেছেন, তিনি শুধু মহান আল্লাহকেই ভয় করেন, অন্য কাউকে নয়। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ভয় দেখিয়ে তাকে কিংবা তার নেতাকর্মীদের দমিয়ে রাখার চিন্তা যারা করছেন, তারা ভুল করছেন।
শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
কামাল জামান মোল্লা বলেন, রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই তার রাজনৈতিক পথচলা শুরু। নানা প্রতিকূলতা ও চড়াই-উৎরাই পেরিয়েও তিনি কখনো পিছপা হননি। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে তা রাজনৈতিকভাবেই কঠোরভাবে মোকাবিলা করা হবে।
নির্বাচনী উঠান বৈঠকে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা। তারই অংশ হিসেবে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।























