ফিফা আরব কাপ জিতে ইতিহাস গড়ল মরক্কো, নাটকীয় ফাইনালে জর্ডানকে হারাল অ্যাটলাস লায়ন্স
রুদ্ধশ্বাস ফাইনালে জর্ডানকে হারিয়ে ফিফা আরব কাপ চ্যাম্পিয়ন মরক্কো
- আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

আরব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল মরক্কো। দোহার আইকনিক লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে নাটকীয় লড়াই শেষে জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ‘অ্যাটলাস লায়ন্স’ খ্যাত মরক্কো।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে উসামা তান্নানের গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর জর্ডান সহজে হার মানেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটে আলী ওলোয়ানের হেডে সমতায় ফেরে তারা।
এরপর ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জর্ডান লিড নিলে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের দিকে ঝুঁকে যায়। কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপটে আবির্ভূত হন আব্দেররাজ্জাক হামেদ আল্লাহ। নির্ধারিত সময়ের ৮৮তম মিনিটে অসাধারণ গোল করে মরক্কোকে সমতায় ফেরান তিনি।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১০০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে মরক্কোকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন হামেদ আল্লাহ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই ফিফা আরব কাপের শিরোপা নিশ্চিত করে উত্তর আফ্রিকার শক্তিশালী দলটি।
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে ইতিহাস গড়েছিল মরক্কো। তিন বছর পর সেই কাতারের মাটিতেই আবারও বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জিতে আত্মবিশ্বাসে ভরপুর হলো তারা। আসন্ন আফ্রিকা নেশনস কাপের আগে এই জয় মরক্কোর জন্য বড় অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, শিরোপা না পেলেও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছে জর্ডান। প্রথমবার ফাইনালে উঠেই শক্তিশালী মরক্কোর সঙ্গে সমানতালে লড়ে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।























