দক্ষতা ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে রেমিট্যান্স বৃদ্ধি ও জাতীয় উন্নয়নের আহ্বান
লামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত
- আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

মোঃশফিকুল ইসলাম তুহিন|বান্দরবান জেলা প্রতিনিধি:
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে লামা উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ দে, লামা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সঞ্জয় এবং লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসী শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসীরা বিদেশে সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন এবং দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তাঁরা আরও বলেন, প্রবাসীদের অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরও সুসংহত করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



















