দুর্গম পাহাড়ি জনপদে সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তব রূপ
বান্দরবানের লামায় সৌরচালিত গভীর নলকূপ প্রকল্প উদ্বোধন, বিশুদ্ধ পানির নতুন আশার আলো
- আপডেট সময় : ০৭:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার ক্রেসং ম্রো পাড়ায় বহুল প্রতীক্ষিত “সৌরচালিত গভীর নলকূপ স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা” প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই প্রকল্পের উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা প্রকৌশলী জনাব আবু হানিফ, আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোবারক হোসনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর এই প্রথম কোনো উপজেলা নির্বাহী অফিসার ক্রেসং ম্রো পাড়ায় সরেজমিনে উপস্থিত হয়ে নাগরিকদের খোঁজখবর নিলেন, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত এলাকার মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করা। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন বিশুদ্ধ পানির সংকটে ছিল—সৌরচালিত গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সেই সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সেবাখাতে আরও প্রকল্প গ্রহণ করা হবে।”
স্থানীয় বাসিন্দারা বলেন, “আমাদের এলাকায় কখনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা আসেননি। আজ প্রথমবার একজন ইউএনও এসে আমাদের কষ্ট কাছ থেকে দেখলেন। এই নলকূপ আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে।”
উল্লেখ্য, সৌরচালিত এ গভীর নলকূপের মাধ্যমে ক্রেসং ম্রো পাড়ার প্রায় শতাধিক মানুষের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত হলো। ফলে সরকারের উন্নয়ন কার্যক্রম এখন সত্যিকার অর্থে দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে বলে স্থানীয়রা মনে করেন।























