মাঝাপাড়া এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় অটোভ্যান দুমড়েমুচড়ে যায়
লালমনিরহাটে বাস-অটো সংঘর্ষে নারী নিহত, আহত ৩: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
- আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নারী মর্জিনা খাতুন (৩৫) ওই ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়বাড়ী থেকে ফকিরের তকেয়াগামী একটি ব্যাটারি চালিত অটোভ্যান মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি বাসটি অটোকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর অটোটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মর্জিনা খাতুন।
আহত তিন যাত্রীকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, “দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”























