মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
মণিরামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে জনতার ঢল
- আপডেট সময় : ০৭:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের মণিরামপুরে আয়োজন করা বিশেষ দোয়া মাহফিলে মানুষের ঢল নামে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারন মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পূর্বনির্ধারিত এ দোয়া মাহফিলে শরীক হতে দুপুর থেকেই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। মুহূর্তেই বিএনপি কার্যালয়ের সামনে লোকে লোকারণ্য হয়ে যায়। মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে স্থানীয় মসজিদের ইমামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিন্টু, সিনিয়র সহসভাপতি মো. মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি মো. খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাইসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলের সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গণমাধ্যমকর্মীদের ক্যামেরায় ধরা পড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে, বসে এবং দু’হাত তুলে দোয়া করতে। এমনকি বেশ কয়েকজন ভ্যানচালককেও এ দোয়া মাহফিলে অংশ নিতে দেখা যায়। স্থানীয়দের মতে, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রত্যাশা করে এ দোয়া মাহফিলে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিরল ঘটনা।























