ইছামতি নদীতে প্রতিদিনই দেখা মিলছে বিশাল কুমিরের, আতঙ্কে স্থবির হয়ে পড়েছে নদীপাড়ের জনজীবন
মানিকগঞ্জে পদ্মারপাড়ের ইছামতি নদীতে কুমিরের আতঙ্কে হাজারো পরিবার, চাঞ্চল্যকর পরিবেশ এলাকাজুড়ে
- আপডেট সময় : ০৮:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাশিয়াখালি (তন্তরখোলা) বাজার সংলগ্ন পদ্মারপাড়ের ইছামতি নদীতে কুমির দেখা যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নদীর পাড়ে বিশাল আকৃতির এক রাক্ষুসে কুমির ভেসে উঠছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরাসরি এলাকায় গিয়ে দেখা গেছে, নদীতে গোসল করতে গিয়ে শত শত মানুষ আতঙ্কে পড়ছেন। অনেকেই এখন আর সাহস করে নদীতে নামছেন না। খেয়াপারের নৌকা চালক আক্তার মোল্লা বলেন, “প্রতিদিনই কুমির দেখতে পাচ্ছি, সবাই ভয় পেয়ে পারাপার করছে।”
কাশিয়াখালি চায়ের দোকানদার খন্দকার মুহিদুল ইসলাম জানান, “আমাদের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
স্থানীয় নারী খাদিজা বেগম বলেন, “গোসল করতে গিয়ে আমি নিজেও কুমির দেখেছি। এখন আর নদীর কাছে যেতেও ভয় লাগে।”
এলাকার বাসিন্দা মো. হযরত আলী জানান, “কখনও কখনও কুমির ভেসে পাড়ের কাছাকাছি আসে। বিশেষ করে বাচ্চারা ও বয়স্করা সবচেয়ে বেশি আতঙ্কে আছে।”
অনেকেই জানিয়েছেন, কুমির হাঁস-মুরগি, গরু-ছাগল এমনকি ভেড়াও আক্রমণ করে গিলে খাচ্ছে। স্থানীয়দের একটাই দাবি— অতি দ্রুত বিষয়টি প্রশাসনের নজরে এনে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।























