ডেকো কোম্পানির পণ্যবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই গড়ে ওঠে শোকের আবহ
চকরিয়ার কাকারা ইউনিয়নে ডেকো কোম্পানির অটোর ধাক্কায় ৭ বছরের শিশু নিহত
- আপডেট সময় : ০৬:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার গরজনিয়া পাহাড় কাকারা ইউনিয়নে ডেকো কোম্পানির পণ্যবাহী অটোর ধাক্কায় আজিজুর রহমান (৭) নামে এক শিশু মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মাইজ কাকারা শহীদ মিজানের বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডেকো কোম্পানির কনজিউমার পণ্য পরিবহনে ব্যবহৃত একটি অটো (টমটম) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশুকে ধাক্কা দেয়। অটোর চালক মোঃ ইসমাইল (৩৪), ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকা কাকারায় ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। ডেলিভারি কাজে বের হয়ে অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটান তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত শিশুটিকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুর রহমান কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৮৫ বছর বয়সী সৈয়দ আহমদের একমাত্র ছেলে। সন্তানের মৃত্যুসংবাদে বাবা সৈয়দ আহমদ ও মা মনোয়ারা বেগম (৩০) শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। পরিবারজুড়ে নেমে আসে অসীম বেদনা, আর এলাকায় ছড়িয়ে পড়ে গভীর শোকের ছায়া।
খবর পেয়ে চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির অটোরিকশা, অপ্রশিক্ষিত চালক ও সড়কে নিরাপত্তাহীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা দিনদিন বাড়ছে। শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও শোকভরে এলাকাবাসী দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, চালকদের প্রশিক্ষণ এবং নিয়ন্ত্রণহীন অটোর চলাচল বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানান।
মানবিক এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তাকে তীব্রভাবে স্মরণ করিয়ে দিয়েছে।























