গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে মোবাইল ও সিএনজি জব্দ
রামুতে চার পাচারকারী আটক: মায়ানমারমুখী মোবাইল পাচারচক্রের বিরুদ্ধে পুলিশ অভিযান
- আপডেট সময় : ০৩:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় মায়ানমারমুখী পণ্য পাচারের অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শোভন কুমার শাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—কচ্ছপিয়া নতুন তিতারপাড়া এলাকার লাল মিয়ার ছেলে এরশাদ (২১), কচ্ছপিয়া দৌছড়ী হিন্দুপাড়ার অনিল দাসের ছেলে মৃদুল দাস (২২), তিতারপাড়ার ফজল করিমের ছেলে আব্দু রহিম প্রকাশ শাকিল (২১) এবং নাইক্ষ্যংছড়ির তুলাতলি এলাকার মোহাম্মদ জুবাইর।
এ বিষয়ে স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, “আটক চারজন পাচারকারী নয়, তারা লেবার। পেটের দায়ে লেবারের কাজ করেছে। প্রকৃত ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।”
অন্যদিকে ওসি শোভন কুমার শাহা জানান, “কয়েক দিন আগেই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। দেশি কোনো পণ্য মিয়ানমারে পাচার করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান নিয়মিত চলবে।”
অভিযান পরিচালনাকারী এসআই জুয়েল জানান, বড়বিল এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ফোনসহ পাচারের মাল উদ্ধার করা হয়েছে এবং হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।






















