অবৈধ কসমেটিকস, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে জরিমানা আদায়
আলমডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৭:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা | ৩০ আগস্ট ২০২৬ঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গার বিভিন্ন বাজারে খাদ্যপণ্য, কসমেটিকস ও বীজের দোকানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অবৈধ কসমেটিকস বিক্রির দায়ে ‘নাহিদা কসমেটিকস কর্নার’-এর মালিক মোছা. নাহিদা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘রুবেল ফল ভাণ্ডার’-এর মালিক মো. মতিয়ার রহমানকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে ‘ইসহাক বীজ ভাণ্ডার’-এর মালিক মো. মাসুদ রানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনটি প্রতিষ্ঠানকে আরোপ করা মোট ১৩ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ব্যবসায়ীদের দোকানে ঝুলন্ত মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ করা, যৌক্তিক ও নির্ধারিত মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জনস্বার্থে এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।























