তরুণ ভোটারদের পাশে নিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, অবকাঠামো উন্নয়ন ও স্বচ্ছতার প্রতিশ্রুতি
পাঁচবিবির আওলাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আব্দুল কাদের মন্ডলের
- আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) | ৮ আগস্ট ২০২৬: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিক ও বিএনপি নেতা আব্দুল কাদের মন্ডল। তিনি বর্তমানে আওলাই ইউনিয়ন বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আব্দুল কাদের মন্ডল উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। তার পিতা আলহাজ্ব মো. আব্দুল লতিফ মন্ডল। পারিবারিকভাবেই তাদের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তার বড় আব্বা কসিম উদ্দিন পাকিস্তান আমলে আওলাই ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাদা আলহাজ্ব কফিল উদ্দিন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তার চাচা সিরাজুল ইসলামও ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবারের সদস্যরা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন দায়িত্বশীল পদে থেকে দলীয় রাজনীতিতে ভূমিকা রেখেছেন বলে পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য। সেই ধারাবাহিকতায় আব্দুল কাদের মন্ডলও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
তার সমর্থকদের দাবি, স্থানীয় বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আব্দুল কাদের মন্ডলকে একক দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।
রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন আব্দুল কাদের মন্ডল। স্থানীয়দের মতে, তিনি এলাকায় একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত। বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন মামলায় আসামি হয়ে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আব্দুল কাদের মন্ডল। একই সঙ্গে ইউনিয়নকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।
আব্দুল কাদের মন্ডল বলেন, “যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। তাদের খেলাধুলার দিকে নিয়ে আসতে হবে। নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।”
পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সরকারি সুবিধা বণ্টনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
আওলাই ইউনিয়নটি উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এবং ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ ও কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী অবস্থানের কারণে ইউনিয়নটিতে অপরাধপ্রবণতা তুলনামূলক বেশি। চেয়ারম্যান নির্বাচিত হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আব্দুল কাদের মন্ডল।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল কাদের মন্ডল একজন তরুণ রাজনীতিক। ইউনিয়নের বিপুলসংখ্যক তরুণ ভোটার তার পক্ষে কাজ করবেন বলে তারা আশা করছেন। তার প্রার্থিতা ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।























