সরকারের নতুন ট্যারিফ কার্যকর, তাপপ্রবাহে বেড়েছে বিদ্যুৎ ব্যবহার; গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডিজিএমের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পাঁচবিবি পল্লী বিদ্যুতের ব্যাখ্যা: নতুন ট্যারিফ ও বেশি ব্যবহারে বেড়েছে জুনের বিল
- আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

জয়পুরহাট | ২৯ জুলাই ২০২৬: চলতি মাসে দেশের অন্যান্য এলাকার মতো জয়পুরহাটের পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের আওতাধীন গ্রাহকদের জুন মাসের বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি আসায় নানা ধরনের আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গ্রাহকদের উদ্বেগ দূর করতে পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. তরিকুল ইসলাম বিল বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সরকার কর্তৃক বিদ্যুতের নতুন ট্যারিফ (মূল্যহার) নির্ধারণ করা হয়েছে, যা ২০২৬ সালের জুন মাস থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাসের বিদ্যুৎ বিল নতুন মূল্যহার অনুযায়ী প্রস্তুত হওয়ায় অনেক গ্রাহকের বিল আগের তুলনায় বেশি এসেছে।
ডিজিএম জানান, লাইফলাইন গ্রাহকদের (০–৫০ ইউনিট) প্রতি ইউনিট ৪.৭৫ টাকা এবং প্রথম ধাপের (০–৭৫ ইউনিট) প্রতি ইউনিট ৫.২৬ টাকা অপরিবর্তিত রয়েছে। তবে দ্বিতীয় ধাপ (৭৬–২০০ ইউনিট) ৭.২০ টাকার পরিবর্তে ৮.৫০ টাকা, তৃতীয় ধাপ (২০১–৩০০ ইউনিট) ৭.৫৯ টাকার পরিবর্তে ৯.২০ টাকা, চতুর্থ ধাপ (৩০১–৪০০ ইউনিট) ৮.০২ টাকার পরিবর্তে ৯.৬২ টাকা, পঞ্চম ধাপ (৪০১–৬০০ ইউনিট) ১২.৬৭ টাকার পরিবর্তে ১৫.০১ টাকা এবং ষষ্ঠ ধাপ (৬০০ ইউনিটের বেশি) ১৪.৬১ টাকার পরিবর্তে ১৭.৩৫ টাকা প্রতি ইউনিট নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, গত মাসে তীব্র তাপপ্রবাহ এবং তুলনামূলক কম লোডশেডিং থাকায় অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে ব্যবহার বৃদ্ধি এবং নতুন ট্যারিফ—এই দুই কারণে বিদ্যুৎ বিল বৃদ্ধি পেয়েছে।
পল্লী বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুৎ বিলে অন্তর্ভুক্ত ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত। এসব অর্থ সরকারি কোষাগারে জমা হয়। পল্লী বিদ্যুৎ সমিতি সরকারের নীতিমালা অনুযায়ী শুধুমাত্র গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণ সেবা প্রদান করে থাকে।
ডিজিএম মো. তরিকুল ইসলাম গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি সরকার নির্ধারিত নতুন ট্যারিফ অনুযায়ী বিল পরিশোধের আহ্বান জানান। এছাড়া কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে আপত্তি বা জটিলতা থাকলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সরাসরি পাঁচবিবি জোনাল অফিসে যোগাযোগ করে সমস্যার সমাধান নেওয়ার অনুরোধ করেন।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মতে, বিল সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি দূর করতে গ্রাহকদের গুজবে কান না দিয়ে সংশ্লিষ্ট অফিসের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে কার্যকর উপায়।























