মেঘনা-গোমতী সেতু এলাকায় ১০৫ কেজি গাঁজা ও পিকআপ জব্দ, বাসে আরও ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লা | ১৬ জুলাই ২০২৬ : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্য, ডাকাতি মামলার এক আসামি এবং চুরি মামলার দুই আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা-গোমতী সেতুর দাউদকান্দি প্রান্তের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালিয়ে ১০৫ কেজি গাঁজা এবং ৩০ বস্তা মুরগির ফিড জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জব্দ করা হয়েছে গাঁজাবাহী পিকআপটিও।
একই দিনে এসআই (নিরস্ত্র) রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে ঢাকাগামী আল-বারাকাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. মামুন আহম্মেদ (২২) নামে এক ব্যক্তিকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে কদমতলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য ও সিআর পরোয়ানাভুক্ত আসামি আবু হানিফ সরকারকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. হোসেন (২৭) এবং গৌরীপুর এলাকা থেকে চুরি মামলার আসামি শেখ ফরিদ মিয়া (৩১) ও শরিফ (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক পিকআপের চালক ও মালিককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।























