মহিপুরে ১৫০ টাকায় চিকিৎসাসেবা, ৪০% মূল্যছাড়ে ওষুধ এবং ১০০ পরিবারকে ৩০% মূল্যছাড়ে পুষ্টিকর খাদ্য বিতরণ
মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত, স্বল্প খরচে চিকিৎসা ও খাদ্য সহায়তা পেল উপকূলবাসী
- আপডেট সময় : ০৪:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) | ২৯ জুন ২০২৬ : উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি-এর উদ্যোগে মহিপুরে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহিপুরে গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপি কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় এলাকার অসংখ্য নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কলাপাড়া সিডিপির ম্যানেজার রাজিব বিশ্বাস-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সভাপতি ইব্রাহিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিসির সহ-সভাপতি এবং কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গুড নেইবার্স কলাপাড়া সিডিপির সিনিয়র হেলথ অফিসার পঙ্কজ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) ঝর্না খাতুন, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট জেরি মিঠু ডি রোজারিসসহ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ ডা. এস. বি. সোমা এবং গুড নেইবার্স কলাপাড়া সিডিপির আবাসিক মেডিকেল অফিসার ডা. শান্তা ইসলাম। নারী ও শিশু স্বাস্থ্য, সাধারণ রোগ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে রাজিব বিশ্বাস বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি জানান, মাত্র ১৫০ টাকা চিকিৎসা ফি-এর বিনিময়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ওষুধ ৪০ শতাংশ মূল্যছাড়ে সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে সংস্থার ১০০টি উপকারভোগী পরিবারের মাঝে বাজারমূল্যের তুলনায় ৩০ শতাংশ মূল্যছাড়ে তেল, আটা, ডাল, বিস্কুট, চিনি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, পুষ্টি নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে গুড নেইবার্স বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।























