বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রাথমিক ধারণা, ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: চার দোকান পুড়ে ছাই, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
- আপডেট সময় : ০৩:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২৪ জুন ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি গার্মেন্টস দোকানে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ (সাবেক এমপি) এবং জেলার ১ ও ৩ আসনের সংসদ সদস্যরা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে তাদের সান্ত্বনা প্রদান করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে চারটি দোকানের সব মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া আশপাশের কয়েকটি দোকানে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিউ মার্কেট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।























