ঢাকা ও যশোরে পৃথক অভিযানে আটক; আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
ফকিরহাটে কৃষক দল নেতা আনিসুর রহমান বাদল হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:২৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

বাগেরহাট | ১৬ জুন ২০২৬ : বাগেরহাটের ফকিরহাটে কৃষক দল নেতা আনিসুর রহমান বাদল মোড়ল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে ঢাকা ও যশোরের অভয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং সদর উপজেলার সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো. মশিউর রহমান (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় ঢাকা থেকে হাসান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে মো. মশিউর রহমানকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৯ জুন রাত প্রায় ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়লও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
এ ঘটনায় ১১ জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি হাসান মোল্লা এবং ১২ নম্বর আসামি মো. মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে তাদের বাগেরহাট বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, কৃষক দল নেতা আনিসুর রহমান বাদল হত্যা মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।























