নির্বাচনকে ঘিরে মানবিক উদ্যোগে জালালপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন হাজারো রোগী
জালালপুরে রফিকুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা সেবা
- আপডেট সময় : ০৬:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ হিসেবে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এ্যাডভোকেট রফিকুল ইসলাম ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
শনিবার সকাল ৯টায় জালালপুর আনন্দ বাজারে ক্যাম্পটির উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক ভূঁইয়া (বাচ্চু মাস্টার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমিনুল হক ভূঁইয়া (কাঞ্চন মাস্টার)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভূঁইয়া। স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন।
ক্যাম্পে সকাল থেকেই বিপুল সংখ্যক রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যন্ত এলাকা থেকে আগত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষসহ প্রায় এক হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী বিরতিহীনভাবে চলে এ চিকিৎসা কার্যক্রম।
স্থানীয়রা জানান, গ্রামীণ অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া কঠিন হওয়ায় এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক।
আয়োজক রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এলাকার দরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. ইফতেখারুল ইসলাম ইফতি, মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান এবং রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান।























