জেলা প্রশাসনের আয়োজনে পৌর টাউনহলে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে জোর
- আপডেট সময় : ০৮:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম | ১৭ মে ২০২৬ : কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় পৌর টাউনহলে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক সমাজ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং তরুণ প্রজন্মকে গবেষণামুখী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বাস্তবভিত্তিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, মডেল ও প্রযুক্তি উপস্থাপন সবার দৃষ্টি আকর্ষণ করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মনোভাব বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।























