প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ৯১৮ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার
পাঁচবিবিতে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার
- আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) সকাল ১১টায় উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সৌহাদ্য চাল কলের স্বত্বাধিকারী মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, সাথী চাউল কল মালিক আইয়ুব আলী, মন্ডল চাল কলের প্রতিনিধি মোফাজ্জল হোসেন, এনবি অটো রাইস মিলের মালিক শরিফুল ইসলাম বাবু এবং এনএস অটো রাইস মিলের মালিক নবিউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাঁচবিবি উপজেলায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৯১৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৭ হাজার ১২৬ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ১৫৩ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান সরকারিভাবে বিক্রি করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় কৃষকদের মতে, সরাসরি সরকারি ক্রয় কার্যক্রম চালু হওয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন।























