বরুড়ার পথসভায় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ফ্যামিলি কার্ড ও দেশ পুনর্গঠনের অঙ্গীকার
জনগণের দাবি এলে কুমিল্লা বিভাগ করা হবে: তারেক রহমান
- আপডেট সময় : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

কুমিল্লা, বরুড়া | ১৬ মে ২০২৬ : কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা জনগণের দাবি হলে তা বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণকে যে ওয়াদা দেয়, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্বে থাকা ইমাম-মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, আগামী জুন মাসের জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বড় বরাদ্দ রাখা হয়েছে এবং কুমিল্লার মানুষও এ সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, মামলা ও হয়রানির শিকার হতে হতো। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অনেক মানুষ জীবন দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলেছেন।
তিনি আরও বলেন, “দেশকে শুধু স্বৈরাচারমুক্ত করলেই হবে না, এখন প্রয়োজন দেশকে পুনর্গঠন করা। জনগণের অধিকার নিশ্চিত করে একটি মানবিক, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাষ্ট্র গড়ে তুলতে হবে।”
এ সময় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ পথসভায় উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি কুমিল্লার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।























