পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণ কার্যনির্বাহী কমিটি গঠন
চট্টগ্রামের পটিয়ায় আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
- আপডেট সময় : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

দক্ষিণ চট্টগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়া আইনজীবী সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচন সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত হয়। মিলনায়তনে উপস্থিত বিপুল ভোটারদের মধ্যে সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট তানজিনা জাহান।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো: কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক মো: সালাহ উদ্দিন, পাঠাগার সম্পাদক কামাল হোসাইন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক শাহীনা আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া তিনটি কার্যকরী সদস্য পদে যথাক্রমে আরমান ইসলাম, রাজু দাশ এবং রফিকুল আলম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কাজী জসীম উদ্দীন। তিনি জানান, সমিতির ১৯৮ জন সদস্যের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নুর মোস্তফা এবং মুনিরুজ্জাহান মুন্নী।
এ নির্বাচন পটিয়া আইনজীবী সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করে তুলবে বলে আশা করা হচ্ছে।























