আল-খার্জ শহরের আবাসিক ভবনে হামলা, আহত অন্তত ১২ জন
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, নিহতদের একজন বাংলাদেশি
- আপডেট সময় : ০৮:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের আল-খার্জ শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
সৌদির সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, আল-খার্জ শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহতের ঘটনা ঘটে।
তবে হামলাটি কোথা থেকে বা কারা চালিয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকায় এ ধরনের হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে ইরানের পাল্টা হামলার দ্বিতীয় সপ্তাহ শুরু হওয়ার প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার ঘটনাও ঘটে।
এ ছাড়া আল-খার্জসহ বিভিন্ন অঞ্চলের রাডার ব্যবস্থাপনায় হামলার বিষয়টিও আগেই জানিয়েছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
এ ঘটনায় নিহত বাংলাদেশির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে সৌদি আরব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল-জাজিরা।




























