আল রিয়াদের বিপক্ষে গোল করে টানা ২৫ মৌসুমে গোলের বিশ্বরেকর্ড গড়লেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা
শেষ মৌসুমের শুরুতেই রোনালদোর বাজিমাত, ভাঙলেন ইব্রার রেকর্ড
- আপডেট সময় : ০৬:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও রেকর্ডের খাতা সমৃদ্ধ করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সে ২০২৬-২৭ মৌসুমের প্রথম লিগ ম্যাচেই গোল করে নতুন ইতিহাস গড়েছেন পর্তুগিজ মহাতারকা। আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে দলের শেষ গোলটি করে তিনি টানা ২৫টি পেশাদার লিগ মৌসুমে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন।
সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে শুরুতে একাদশে ছিলেন না রোনালদো। আল নাসর ৩-০ গোলে এগিয়ে থাকার সময় ৬২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নিজের নাম স্কোরশিটে তোলেন পর্তুগিজ অধিনায়ক।
ম্যাচের ৮৩তম মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের ভেতর থেকে নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে জালে পাঠান রোনালদো। এতে আল নাসরের জয় পূর্ণতা পায় ৪-০ গোলে।
এই গোলের মাধ্যমে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচের রেকর্ড ছাড়িয়ে গেছেন রোনালদো। ইব্রাহিমোভিচ ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন। রোনালদোর ধারাবাহিকতা শুরু হয়েছিল ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে, আর ২০২৬-২৭ মৌসুমে এসে সেটি দাঁড়াল টানা ২৫ মৌসুমে।
রোনালদোর এই রেকর্ডের বিশেষত্ব আরও বেশি, কারণ তিনি ক্যারিয়ারে স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসর—পাঁচটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে খেলেও প্রতিটি লিগ অধ্যায়ে গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
আল রিয়াদের বিপক্ষে গোলটি রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ দীর্ঘদিনের আলোচিত ১ হাজার গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।
ক্লাব পর্যায়ে রোনালদোর সবচেয়ে বেশি গোল এসেছে রিয়াল মাদ্রিদের হয়ে—৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের দুই অধ্যায়ে করেছেন ১৪৫ গোল, জুভেন্টাসে ১০১, স্পোর্টিংয়ে ৫ এবং আল নাসরের হয়ে ১৩০ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ১৪৬। এসব যোগ করলে মোট সংখ্যা দাঁড়ায় ৯৭৭।
রোনালদোর সামনে এখন সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য ১ হাজার গোলের মাইলফলক। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬-২৭ মৌসুমটি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ মৌসুম হতে পারে। তবে অবসরের আগে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারলে তা হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন।
২০০২ সালে স্পোর্টিংয়ের হয়ে পেশাদার ফুটবলে গোলের যাত্রা শুরু করা রোনালদো দুই যুগেরও বেশি সময় পর এখনও গোল করে যাচ্ছেন। বয়স ৪১ হলেও তার গোলের ক্ষুধা কমেনি—বরং ক্যারিয়ারের শেষ অধ্যায়েও একের পর এক নতুন ইতিহাস লিখে চলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।














