প্রথম সফরে প্রবাসী কল্যাণে অগ্রাধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি
নতুন মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট জেলা প্রশাসকের ফুলেল শুভেচ্ছা, প্রবাসীদের হয়রানি বন্ধের ঘোষণা
- আপডেট সময় : ০৯:০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-কে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম তাকে স্বাগত জানান।
মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা সিলেটে এসে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের হয়রানি বন্ধসহ তাদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসীদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার বিষয় চিহ্নিত করার চেষ্টা করেছেন বলেও জানান।
তিনি বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, “কারো প্রতি বৈরি মনোভাব নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবো।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। এটি সিলেটবাসীর জন্য গর্বের।”
মন্ত্রী বলেন, “মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে এখন থেকেই কাজ শুরু করতে হবে। সময় খুব বেশি নয়—মাত্র পাঁচ বছর চোখের পলকেই শেষ হয়ে যাবে। তাই উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত শুরু করতে হবে।”
সিলেটে প্রথম রোজায় আগমন প্রসঙ্গে তিনি জানান, হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন। পরদিন তিনি নির্বাচনী এলাকায় যাবেন বলেও জানান।
বিমানবন্দরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নতুন মন্ত্রীকে স্বাগত জানান। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।






















