নিখুঁত ডাকাতি, অলিখিত নিয়ম আর রহস্য—‘ক্রাইম ১০১’
নিয়ম মেনে অপরাধ, তবু কোথায় ফাঁক—‘ক্রাইম ১০১’
- আপডেট সময় : ১১:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

বিখ্যাত মার্কিন লেখক ডন উইন্সলোর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার চলচ্চিত্র ‘ক্রাইম ১০১’। বার্ট লেটনের পরিচালনায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কিয়োগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে এবং হ্যালি বেরি।
গল্পের কেন্দ্রে রয়েছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় অঞ্চলে সংঘটিত একাধিক নিখুঁত জুয়েলারি ডাকাতি। এসব ডাকাতিতে নেই কোনো ভুল বা অপ্রয়োজনীয় সহিংসতা—সবকিছু যেন অদৃশ্য এক নিয়ম মেনে সম্পন্ন হচ্ছে। একজন অভিজ্ঞ পুলিশ ডিটেকটিভ মনে করেন, বড় ধরনের অপরাধ সবসময় কিছু অলিখিত নিয়ম অনুসরণ করে চলে, যেগুলোকে তিনি আখ্যা দেন ‘ক্রাইম ১০১’।
তবে পরিস্থিতি জটিল হয় যখন একটি ডাকাতিতে অস্বাভাবিকতার ইঙ্গিত পাওয়া যায়—যেন কেউ নিয়ম ভেঙেছে। তখনই ডিটেকটিভ বুঝতে পারেন, ঘটনাগুলো শুধুই সাধারণ ডাকাতি নয়; এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র।
উপন্যাসটির চলচ্চিত্র স্বত্ব নিয়ে ২০২৩ সালে নেটফ্লিক্সকে পেছনে ফেলে অ্যামাজন দরপত্রে জয়ী হয়। ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে প্রথমে আলোচনায় ছিলেন পেদ্রো প্যাসকেল, তবে সময়সূচির জটিলতার কারণে তিনি সরে যান। পরে ২০২৪ সালের মে মাসে মার্ক রাফালো লু লুবেসনিক চরিত্রে দলে যোগ দেন।
ভালোবাসা দিবসের একদিন আগে, ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে দর্শকরা দেখতে পাবেন এই অ্যাকশন ও সাসপেন্সে ভরা সিনেমা। ‘ক্রাইম ১০১’ হতে পারে এই সপ্তাহের অন্যতম আকর্ষণ।






















