নওয়াপাড়া গ্রামের শিবকালী রাধা মন্দির থেকে চুরি হওয়া মূর্তি উদ্ধার
আশাশুনিতে মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

এস.এম মোস্তাফিজুর রহমান | সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মন্দির থেকে চুরি হওয়া রাধাকৃষ্ণের যুগল মূর্তি চুরির এক সপ্তাহ পর উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আশাশুনি উপজেলার নওয়াপাড়া গ্রামের শিবকালী রাধা মন্দির থেকে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি চুরি হয়। এ ঘটনায় একই দিন আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-১৪, তারিখ: ২৯/১২/২০২৫ খ্রি., ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড)।
পুলিশ জানায়, বুধহাটা গ্রামের নিত্য ঘোষের বাড়ির পারিবারিক শিব মন্দির প্রাঙ্গণ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সায়নী ঘোষ (১১) ও লক্ষ্মী ঘোষ (৩৫) পুলিশের কাছে তথ্য দেন যে, তারা মন্দিরের পাশ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পান।
খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
মূর্তি উদ্ধারের খবরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।























