চকপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, পালিয়েছে চোরাকারবারীরা
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র সফল অভিযান: বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল সিরাপ জব্দ
- আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে আবারো সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মাদক চোরাকারবারীদের দৌরাত্ম্য রোধে সীমান্ত এলাকায় রাত-দিন নিরলসভাবে দায়িত্ব পালন করছে ৫৯ বিজিবি। এরই ধারাবাহিকতায় চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ১৮৩/৩-এস সংলগ্ন এলাকা থেকে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ৬২০ বোতল ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২২ হাজার ১৮০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্ত দিয়ে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”























